ছাত্রীকে উত্ত্যক্ত করায় ছাত্রের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুরে মাদ্রাসার এক ছাত্রীকে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করায় সাদ্দাম নামের এক কলেজছাত্রকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। সাদ্দাম হোসেন হাকিমপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষে ছাত্র। সে উপজেলার নন্দীপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
ইউএনও আজাহারুল ইসলাম বলেন, উপজেলার একটি মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই বিরক্ত করত সাদ্দাম। বছর খানেক আগে ‘উত্ত্যক্ত করবে না’ বলে মাদ্রাসার কাছে মুচলেকাও দিয়েছিল ছেলেটি। তার পরও সে মেয়েটিকে উত্ত্যক্ত করা থেকে বিরত হয়নি।
মাদ্রাসা সূত্র জানায়, গত রোববার মাদ্রাসায় আসার পথে আবারও সাদ্দাম উত্ত্যক্ত করলে ওই ছাত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে সুপারকে বিষয়টি অবহিত করে। মাদ্রাসার সুপার ওই কলেজছাত্রকে মাদ্রাসায় ডেকে এনে ইউএনওর কাছে অভিযোগ করেন। ইউএনও আজাহারুল ইসলাম পুলিশ নিয়ে গিয়ে সাদ্দামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেন।