ছাত্রীকে উত্ত্যক্ত করায় তরুণের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রুবেল মিয়া (২২) নামের এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমদ এই দণ্ড দেন।
রুবেল উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাতলপাড় ইউনিয়নের একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন রুবেল। গত সোমবার সকাল নয়টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রীর পথরোধ করে তাকে প্রেমের প্রস্তাব দেন রুবেল। প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীটিকে হয়রানি করেন রুবেল। পরে ওই ছাত্রী বিষয়টি তাঁর পরিবারের লোকজনকে জানায়। দুপুরে পরিবারের সদস্যরা এ বিষয়ে ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ দেন। ইউএনওর নির্দেশে স্থানীয় চাতলপাড় পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক সাইদুর রহমান গতকাল সকালে রুবেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। ইউএনও রুবেলকে এক বছরের কারাদণ্ড দেন। পরে পুলিশ তাঁকে কারাগারে পাঠায়।
ইউএনও বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বখাটে তরুণকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।