ছাত্রীকে উত্ত্যক্ত করায় তরুণের বিরুদ্ধে মামলা
বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মিম ইসলাম (২০) নামের এক তরুণের বিরুদ্ধে গত বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হটিয়ারপাড়া গ্রামের মিম ইসলাম (২০) প্রায়ই সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে (১৩) শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের পথে উত্ত্যক্ত করেন৷ ওই ছাত্রী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়৷ পরে ছাত্রীর পরিবারের সদস্যরা মিম ইসলামের বাবার কাছে বিচার দাবি করেন৷ এতে মিম ইসলাম ক্ষিপ্ত হন। এ অবস্থায় গত ২৯ মে বিকেলে ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মিম ইসলাম তার পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা করেন৷ এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মিম ইসলাম পালিয়ে যান। এ নিয়ে সালিস বৈঠক হলেও মীমাংসা হয়নি৷