ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই ছাত্র আটক, মুচলেকা দিয়ে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক দুই ছাত্র মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। ওই দুই ছাত্র আইন অনুষদের আসিফ সিকদার ও ইংরেজি বিভাগের নজরুল ইসলাম।পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়ক দিয়ে রেলস্টেশনে যাওয়ার সময় স্নাতকোত্তর শ্রেণীর দুই ছাত্রীকে ওই দুই ছাত্র উত্ত্যক্ত করেন। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আতিকুর রহমান এর প্রতিবাদ করেন। ওই শিক্ষক ও ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ছাত্র দুজনকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট থেকে আটক করে। তাঁরা নিজেদের ভুল স্বীকার করে মুচলেকা দিলে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী প্রক্টর সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দুই ছাত্র ভুল স্বীকার করলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।’আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কিছু ছেলে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। আমি এর প্রতিবাদ করেছি।’এক ব্যক্তিকে জরিমানা: এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় আওরঙ্গজেব ওয়াদুদ চৌধুরী (৫০) নামের এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্র জানায়, ওই ছাত্রী গত বুধবার রাতে নগর থেকে মিনিবাসে করে ক্যাম্পাসে ফেরার সময় ওই বাসের যাত্রী আওরঙ্গজেব তাঁকে উত্ত্যক্ত করেন। মিনিবাস ক্যাম্পাসে পৌঁছালে তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ আওরঙ্গজেবকে আটক করে। পরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে আওরঙ্গজেব দোষ স্বীকার করলে তাঁকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দোষ স্বীকার করায় ওই ব্যক্তিকে শুধু আর্থিক জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।