ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে এক ছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করার অভিযোগে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবককে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আরিফুল উপজেলার বেটখৈর গ্রামের আবু বক্করের ছেলে।
গতকাল মঙ্গলবার বিকেলে এই আদালত পরিচালনা করেন ইউএনও এ কে এম সরোয়ার জাহান। তিনি বলেন, দশম শ্রেণিতে পড়ুয়া ভুক্তভোগী ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার বিষয়ে আরিফুল আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
মেয়েটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রায় পাঁচ মাস ধরে আরিফুল মেয়েটিকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। এ বিষয়ে আরিফুলের অভিভাবকদের জানিয়েও কোনো লাভ হয়নি। গতকালও তাদের মেয়ে বিদ্যালয়ে গেলে একই সমস্যায় পড়ে। পরে গতকাল বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মেয়েটির বাবা ইউএনও ও থানা-পুলিশের কাছে অভিযোগ করেন।
থানা-পুলিশের এসআই আলহাজ উদ্দিন বলেন, গতকাল দুপুরে ওই বখাটে বিদ্যালয়ের পাশে মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকলে বিদ্যালয় কর্তৃপক্ষ ছেলেটিকে আটক করে পুলিশে দেয়।