ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
বগুড়ার শেরপুরে এক ছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালত জবায়ের হোসেন (২১) নামের এক যুবককে গতকাল মঙ্গলবার নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। জবায়ের উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান। ওই ছাত্রীও কুসুম্বী ইউনিয়নের বাসিন্দা। ইউএনও বলেন, আদালত পরিচালনার সময় আটক জবায়েরের অভিভাবক উপস্থিত ছিলেন। এ সময় জবায়ের তাঁর অপরাধ স্বীকার করেন।
মেয়েটির বাবা বলেন, প্রায় দেড় বছর ধরে জবায়ের তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। ছেলেটির বাবাকে এ বিষয়ে জানিয়েও কোনো লাভ হয়নি। গত সোমবার জবায়ের তাঁর বাড়ির সামনে এসে মেয়েকে উত্ত্যক্ত করতে থাকলে স্থানীয় লোকজন ছেলেটিকে আটক করে পুলিশে দেয়।
শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম বলেন, জবায়েরকে গতকালই বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।