ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
দীর্ঘদিন ধরে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আ. গাফ্ফার (২২) নামের এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম জয়নাল আবেদীন।
দণ্ড পাওয়া আ. গাফ্ফারের বাড়ি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামে। তাঁর বাবার নাম গণি পাটোয়ারি।
ওই ছাত্রীর পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। এক বছর ধরে তাঁকে উত্ত্যক্ত করছেন ওই যুবক। দু-তিন দিন আগে ওই ছাত্রী এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ ওই যুবককে তাঁর বাড়ি থেকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।
ইউএনও বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ওই যুবককে শাস্তি দেওয়া হয়।