ফেনীর সোনাগাজীতে ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে আটক করা এক যুবককে সাত মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম একরামুল হক (২০)। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান এ আদেশ দেন।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এক ছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে একরামুল তাকে উত্ত্যক্ত করতেন। গত মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে তাঁর দুই সহযোগীকে নিয়ে ছাত্রীর গতিরোধ করেন। সে সময় স্থানীয় লোকজন তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। গতকাল দুপুরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ইউএনও জিজ্ঞাসাবাদ শেষে একরামুলকে সাত মাসের কারাদণ্ড এবং বাকি দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, একরামুলকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।