ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মাগুরার শালিখা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী মজুমদার প্রথম আলোকে বলেন, ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী ও তাঁর বাবা গত সোমবার তাঁর দপ্তরে আসেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওই ছাত্রীকে বিয়ে করতে চাওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ করেন। পরে তিনি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেন। তবে সেখানে ওই শিক্ষক উপস্থিত হননি।
ইউএনও আরও বলেন, গতকাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওই বিদ্যালয়ে গিয়ে পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সহকারী প্রধান শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওই শিক্ষককে এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক বলেন, ‘ওই ছাত্রী সম্পর্কে আমার নাতনি হয়। এ জন্য আমি তার সঙ্গে রহস্য করে কথা বলতাম।’