ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সরকারি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে ছাত্রী উত্ত্যক্ত করার এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা করেন। গ্রেপ্তার সাদ্দাম হোসেন সিরাজগঞ্জ পৌর শহরের দত্তবাড়ি মহল্লার আবদুল মজিদের ছেলে এবং সদর উপজেলা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক।

থানা-পুলিশ এবং ওই ছাত্রীর স্বজনদের সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সরকারি কলেজের বিএনসিসির সদস্য ওই ছাত্রী গতকাল মঙ্গলবার দুপুরে সংগঠনের পোশাক পরে কলেজ চত্বরে প্যারেডে অংশ নেন। এ সময় সাদ্দাম কুরুচিপূর্ণ নানা মন্তব্য করে তাঁকে উত্ত্যক্ত করছিলেন। একপর্যায়ে ছাত্রীটি উঠে এসে প্রতিবাদ করলে সাদ্দাম তাঁকে প্রথমে চড়থাপ্পড় ও পরে বেধড়ক মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন। পরে কলেজের শিক্ষকেরা থানা-পুলিশকে খবর দিলে বিকেলে পুলিশ কলেজে গিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ খালিদ সাইফুল্লাহ বলেন, সাদ্দাম এর আগেও একাধিকার কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করেছেন। এসব নিয়ে সালিস–বৈঠকও হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একটি মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।