ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটে তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেল পাঁচটায় উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই তরুণকে এ শাস্তি দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

উপজেলা পরিষদ, ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ওই বখাটের নাম মো. সোহেল (২০)। বাড়ি উপজেলার পালগিরি গ্রামে। তাঁর বাবার নাম মো. শহীদ মিয়া। উত্ত্যক্তের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে।

সূত্রমতে, স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতেন সোহেল। গতকাল সকাল ১০টায় স্কুলে যাওয়ার পথে সোহেল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। ওই ছাত্রী ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি পুলিশকে বিষয়টি জানান। গতকাল দুপুরে পুলিশ ওই বিদ্যালয়ের কাছাকাছি একটি রাস্তা থেকে সোহেল এবং তাঁর দুই সহযোগী পালগিরি গ্রামের শাহ আলম (১৮) ও বিল্লাল হোসেনকে (১৯) আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।

ইউএনও মুহম্মদ আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সোহেলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোহেলের দুই সহযোগী শাহ আলম ও বিল্লাল হোসেনের কাছ থেকে মুচলেকা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।