চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দুই ছাত্রকে মারধর ও ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের আইটি ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে। বখাটেদের হামলায় আহতরা হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র শান্তনু বড়ুয়া ও আহমেদ আফিফ। তাঁদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন ফলিত পদার্থবিদ্যার ছাত্র নোমান ও উদ্ভিদবিদ্যার পাভেল। শান্তনু ও আফিফ এর প্রতিবাদ করেন। এ ঘটনার জের ধরে গতকাল বখাটেরা তাঁদের মারধর ও ছুরিকাঘাত করে।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রী উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে কিছু ছাত্রের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সবার লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। পরে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।