ছাত্রীকে ঘুমের বড়ি খাওয়ানোর ঘটনায় বখাটে কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের উত্তর বাগবাড়ী এলাকার নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ভয় দেখিয়ে ঘুমের বড়ি খাওয়ানোর অভিযোগে আটক বখাটে রনি আহমদকে (২৪) আসামি করে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। পরদিন বুধবার রনিকে জেলে পাঠানো হয়।
এর আগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রীর মৌখিক অভিযোগ শুনে পুলিশ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে রনিকে আটক করেছিল। এ নিয়ে বুধবার প্রথম আলোতে ‘ভয় দেখিয়ে ছাত্রীকে ঘুমের বড়ি খাওয়াল বখাটে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
সিলেট কোতোয়ালি থানার এসি নুরুল হুদা আশরাফী বলেন, ছাত্রীর বাবার করা মামলায় রনিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গত শনিবার বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে বখাটে রনি অ্যাসিড নিক্ষেপের ভয় দেখিয়ে ছাত্রীটিকে কয়েকটি ঘুমের বড়ি খাওয়ান।