ছাত্রীকে চড় মারার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে চড় মারার প্রতিবাদে এবং কলেজকে বহিরাগতমুক্ত করার দাবিতে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করে।
কলেজের অন্তত তিনজন শিক্ষক ও শিক্ষার্থী জানায়, গত সোমবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা সরকারি কলেজের টিনশেড ভবনের সামনে আড্ডা দিচ্ছিল একাদশ শ্রেণির এক ছাত্রী ও তার সহপাঠীরা। ওই সময়ে নগরের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা মো. সাকিব (২২) আট থেকে দশজনের একটি দল নিয়ে সেখানে এসে ওই ছাত্রীকে একাধিক চড় মারেন। এতে তার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ে। পরে অন্য শিক্ষার্থীদের চিৎকারে কলেজের শিক্ষকেরা এগিয়ে আসেন। এরপর ওই ছাত্রীকে উদ্ধার করে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে নেওয়া হয়।
পরে অধ্যক্ষ নাজনীন রহমান বিষয়টি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রবকে জানান। পরে পুলিশ এসে ওই ছাত্রীকে অভিভাবকদের কাছে হস্তান্তর করে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার সকালে কলেজে মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নেওয়া এক ছাত্র বলে, ‘সাকিবের বাড়ি নগরের বিষ্ণুপুর এলাকায়। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হননি তিনি। সরকারদলীয় ছাত্রসংগঠনের একটি অংশের নেতাদের মদদে কলেজের ফটকে এসে নানা ধরনের অপকর্ম করেন তিনি। ১০ জানুয়ারি কলেজের হিসাববিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌসিফ ইসলামকে কলেজ কমনরুমে ডেকে নিয়ে মারধর করেন সাকিব। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই মানববন্ধন করেছি।’
এসব অভিযোগ বিষয়ে মো. সাকিবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর একটি মুঠোফোন নম্বর কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে পেয়ে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
কলেজের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বহিরাগত সাকিব লাঞ্ছিত শিক্ষার্থীর এক সহপাঠীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। ওই মেয়েকে তাঁর সঙ্গে প্রেমে না জড়ানোর পরামর্শ দেয় ছাত্রীটি। এতে ক্ষুব্ধ হয়ে সাকিব এ কাজ করেন।
কলেজের অধ্যক্ষ নাজনীন রহমান বলেন, ‘বহিরাগতরা ওই ছাত্রীকে চড় মেরেছে। পুলিশ ডেকে এনে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিরাগতদের পাকড়াও করার জন্য ছয় সদস্যের ভিজিলেন্স টিম কাজ করছে।’
ওসি মো. আবদুর রব বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। ওই কলেজে প্রচুর বহিরাগত আনাগোনা করে। কলেজ প্রশাসন চাইলেই আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারি।’