ছাত্রীকে জখম, শিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইড বই দেখে পড়া মুখস্থ না করায় শিক্ষকের মারধরে জখম হয়েছে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী। বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটোলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষক আবুল হাশেমকে তাঁর বাড়ি থেকে পুলিশ আটক করেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী জান্নাতী জানায়, মঙ্গলবার বিজ্ঞান ক্লাসে স্যার (আবুল হাশেম) তাকে গাইড বই দেখে একটি প্রশ্নের উত্তর মুখস্থ করতে বলেন। কিন্তু সে গাইড থেকে উত্তর বের করতে না পারায় মুখস্থ করতে পারেনি। এ কারণে শিক্ষক চুলের মুঠি ধরে তাকে টেবিলের ওপর চেপে ধরেন, বেত দিয়ে বাঁ হাতে পেটান। বই ছুড়ে তার মুখে মারেন এবং ঘাড় ধরে ধাক্কা মেরে শ্রেণীকক্ষের মেঝেতে ফেলে দেন। এ সময় সে পানি পান করতে চাইলেও তাকে দেওয়া হয়নি। জান্নাতীর বড় ভাইয়ের শাশুড়ি খন্দকারটোলা গ্রামের আমেনা বেগম জানান, জান্নাতীর বাবা শহিদুল ইসলাম ও মা জায়েদা বিবি ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। জান্নাতী তাঁর কাছেই থাকে। মঙ্গলবার স্কুল ছুটির পর জান্নাতী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে জানায়, ওই শিক্ষক তাকে মারধর করেছে। এ সময় তিনি দেখতে পান, জান্নাতীর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে, বাঁ হাতের কনুই ছুলে ফুলে গেছে। তিনি সন্ধ্যায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল ইসলাম চৌধুরী জানান, জান্নাতীর বাঁ হাতের কনুই ছুলে এবং ফুলে গেছে। শিক্ষক আবুল হাশেম জান্নাতীকে মারধরের কথা স্বীকার করে বলেন, ‘মারধর একেবারে বন্ধ করে দিলে কেউ ঠিকমতো পড়ালেখা করবে না।’ তবে থানায় আটক অবস্থায় তিনি জানান, জান্নাতীকে তাঁর মারধর করা ঠিক হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর রহমান বলেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, গতকাল বুধবার সকালে জান্নাতীর দুলাভাই মো. আলামিন ওই শিক্ষকের বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ থানায় দাখিল করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা বলেন, এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।