ছাত্রীকে জখম দুই শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নান্দিনা ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফরজানা আক্তার ওরফে ইমুকে (১০) শ্রেণীকক্ষে কলম দিয়ে খোঁচা মেরে চোখ জখম করার ঘটনায় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা জানান, ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষক শাহনাজ বেগম ও কর্তব্যে অবহেলার দায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন জাহানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। আজ সোমবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এই অমানবিক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
শিক্ষা বিভাগ সূত্র জানায়, নান্দিনা গ্রামের ব্যবসায়ী সেলিম মিয়ার মেয়ে ফরজানা আক্তার ১৭ নভেম্বর ক্লাসে বিজ্ঞান পড়া না পারায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ বেগম প্রথমে গালে চড় মারেন ও পরে ক্ষিপ্ত হয়ে তার বাঁ চোখে কলম দিয়ে গুঁতো মারেন। এতে ওই ছাত্রীর চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এ অবস্থায়ও তাকে ক্লাস করতে বাধ্য করা হয়। একপর্যায়ে অবস্থার অবনতি হলে তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
২০ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলাসহ প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে যান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, শিশুটি চোখের কর্নিয়ার নিচে আঘাত পেয়েছে। গতকাল আবারও পরীক্ষা করে দেখা হয়েছে। আঘাতের কারণে চোখে ছানি পড়ার আশঙ্কা রয়েছে। অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মন্তব্য করতে রাজি হননি।