ছাত্রীকে জুতাপেটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্কুলছাত্রীকে জুতাপেটা করার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। গতকাল হক সাহেব উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয় l প্রথম আলো
কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্কুলছাত্রীকে জুতাপেটা করার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। গতকাল হক সাহেব উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয় l প্রথম আলো

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় এক স্কুলছাত্রীকে জুতাপেটা করার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার শিক্ষার্থীরা বিক্ষোভ ও ক্লাস বর্জন করেছে। একই দাবিতে আজ রোববার শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, ২১ ফেব্রুয়ারি হক সাহেব উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রভাতফেরিতে অংশ নেয়। উপজেলা সদরে প্রভাতফেরি শেষে সকাল ১০টার দিকে তারা বাড়ি ফিরছিল। দেউঘর এলাকায় বিদ্যালয়টির এক ছাত্রীর পথ রোধ করেন শাকিল খান (২২) নামের এক অটোচালক। তিনি মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন। ঘটনাটি অভিভাবকদের জানানোর কথা বলে মেয়েটি। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাকিল মেয়েটিকে জুতাপেটা শুরু করেন। বিষয়টি কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষকের নজরে এলে তাঁরা মেয়েটিকে উদ্ধার করেন।
এ বিষয়ে কথা বলার জন্য শাকিল খানের মুঠোফোনে ফোন করে তা বন্ধ পাওয়া গেছে।
বিদ্যালয় সূত্র জানায়, ওই ঘটনায় পরদিন বুধবার শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের ব্যবস্থা করার দাবি করে। একপর্যায়ে তারা ক্লাস বর্জন করে স্থানীয় সড়কে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা এসে শাকিলকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়। প্রতিশ্রুতির দুই দিন পেরিয়ে গেলেও শাকিল গ্রেপ্তার না হওয়ায় শিক্ষার্থীরা গতকাল সকালে ক্লাস বর্জন ও বিক্ষোভ করে।
কয়েকজন শিক্ষার্থী জানায়, অষ্টগ্রাম হাওর উপজেলা। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এখানকার অনেক অপরাধ প্রশাসনের নজরে আসে না। বিশেষ করে সুষ্ঠু বিচার না হওয়ায় এই এলাকার মেয়েরা উত্ত্যক্তের শিকার হচ্ছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে পারছি না। এ নিয়ে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সভা হয়েছে। ইউএনও ও ওসিকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আইনি প্রতিকারে যাব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের সায়িদ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করার জন্য ওসি সাহেবকে বলা হয়েছে।
ওসি কামরুল ইসলাম মোল্লা বলেন, ‘এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। তবে অভিযুক্ত শাকিলকে ধরা হবে এবং সেই চেষ্টা চলছে।’