ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কক্সবাজার সদর উপজেলার একটি বিদ্যালয়ের একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।ওই শিক্ষক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ১০ সেপ্টেম্বর ওই ছাত্রীর মা কক্সবাজার সদর মডেল থানায় তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ১১ সেপ্টেম্বর রাতে ঈদগাহ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কবির আহমদের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাতাজুড়ি গ্রামের বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে তাঁকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সূত্রমতে, ওই শিক্ষক চাকরির পাশাপাশি ভাড়া বাসায় বিদ্যালয়ের ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। কয়েক মাস আগে তিনি এক ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন। ওই ছাত্রী তখন ঘটনাটি গোপন রাখে। গত আগস্ট মাসে এ রকম কয়েক দফা যৌন নিপীড়নের শিকার হলে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। সূত্র জানায়, ১ সেপ্টেম্বর ওই ছাত্রীর মা তাঁর মেয়েকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর প্রধান শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান থেকে ওই শিক্ষককে বিরত রাখেন এবং ঘটনা তদন্তে বিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ৪ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্তে যৌন নিপীড়নের সত্যতা খুঁজে পাওয়া যায়। তদন্ত কমিটির প্রধান বলেন, যৌন নিপীড়নের সত্যতা প্রমাণিত হওয়ার আগেই ওই শিক্ষক চাকরি ছেড়ে বাড়িতে চলে যান। মামলার বাদী ও ওই ছাত্রীর মা বলেন, ‘লেখাপড়া শিখতে গিয়ে ছাত্রীরা যদি এ ধরনের অমানুষদের দ্বারা ধর্ষণের শিকার হয়, যৌন নিপীড়নের শিকার হয়, তা হলে ভবিষ্যৎ অন্ধকার। তাই মেয়ের জীবনের ক্ষতি করে হলেও এ ধরনের কলঙ্কজনক ঘটনা বন্ধ করতে আইনের আশ্রয় নিয়েছি। ওই শিক্ষকের শাস্তি হলে অন্যরা সংশোধিত হবে।’