ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় পিটুনি
নাটোরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ-চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। চাটখিলে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় এক ছাত্রীর বাবা ও ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে। বরিশালের গৌরনদীতে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক ছাত্রীর ভাতিজাকে বখাটে যুবকেরা কুপিয়ে জখম করেছে। লজ্জায় স্কুলে যাওয়া বন্ধ : নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী (১৩) লজ্জা ও ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার বিদ্যালয় থেকে ফেরার পথে একই এলাকার আমির হামজার ছেলে মাহবুব আলম ওরফে মুন্না (১৮) তাকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার মুন্নার বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা মামলা করেছেন। পুলিশ এখনো মুন্নাকে গ্রেপ্তার করতে পারেনি। উপরন্তু ওই ছাত্রীর বাবাকে মামলা তুলে নেওয়ার জন্য মুন্নার পরিবারের লোকজন হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুন্না ও তাঁর বাবা আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। পরীক্ষা দেওয়া হলো না মাদ্রাসা ছাত্রীর: নোয়াখালীর চাটখিল উপজেলার হীরাপুর আলিম মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রী গত শনিবার পরীক্ষা দিতে পারেনি। মাদ্রাসায় যাওয়ার পথে মুরাইম চাঁদপুর গ্রামের নজরুল ইসলাম শরীফ (২৮) তাকে উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। প্রতিবাদ করায় নজরুলের লোকজন ওই ছাত্রীর বাবা আবুল কালাম ও ভাই আনোয়ার হোসেনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নজরুল ইসলাম ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার কথা অস্বীকার করেছেন।তিন বখাটেকে বেত্রাঘাত: বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে স্থানীয় জুয়েল, সাওন ও বাবু উত্ত্যক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ করায় তারা ওই ছাত্রীর ভাইয়ের ছেলেকেও কুপিয়ে জখম করে। এ ঘটনায় শুক্রবার গ্রাম্য সালিসে ওই তিন বখাটেকে বেত্রাঘাত করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ওই ছাত্রীর ভাতিজার চিকিৎসা বাবদ সাড়ে চার হাজার টাকা জরিমানা ও লিখিত মুচলেকা নেওয়া হয়।প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের গুরুদাসপুর (নাটোর), চাটখিল (নোয়াখালী) ও গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।