ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই শিক্ষকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে ধর্ষণের দায়ে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ভাবনপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভজন কুমার শিকদারের (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড হয়েছে। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সত্যেন্দ্রনাথ ঘোষ গতকাল মঙ্গলবার ওই দণ্ড দেন। ভজন কুমার শিকদার মহম্মদপুর উপজেলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ২০১০ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। সরকারি কৌঁসুলি (পিপি) রমেশ চন্দ্র সরকার জানান, ভজন কুমার শিকদার স্থানীয় এক ব্যাংক কর্মকর্তার বাড়ি ভাড়া নিয়ে প্রাইভেট পড়াতেন। গত বছরের ১৩ জুলাই সকালে একদল ছাত্রী তাঁর কাছে প্রাইভেট পড়তে আসে। এ সময় তিনি পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি ধামাচাপা দিতে ব্যর্থ হয়ে একপর্যায়ে ভজন কুমার আত্মগোপন করেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা ভজন কুমার শিকদারকে আসামি করে মহম্মদপুর থানায় ধর্ষণের মামলা করেন। পরে পুলিশ ঝিনাইদহে এক আত্মীয়ের বাড়ি থেকে ভজন কুমারকে গ্রেপ্তার করে। পুলিশ তদন্ত শেষে গত ২০ আগস্ট তাঁর বিরুদ্ধে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত বছরের ১৫ জুলাই প্রথম আলোয় ‘ধর্ষণের পর আত্মগোপনে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক!’ শিরোনামে একটি খবর ছাপা হয়।