ছাত্রীকে নির্যাতন, এখন মামলা তুলে নেওয়ার হুমকি!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এক ছাত্রী অভিযোগ করেছেন, তাঁকে পেটানোর পর এখন তাঁর পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ওই ছাত্রী ও তাঁর মায়ের অভিযোগ, আসামির বাবা সাবেক সামরিক কর্মকর্তা হওয়ায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি।
এদিকে ওই ঘটনার বিচার দাবি করে কাল সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মাননবন্ধন করবেন শিক্ষার্থীরা। আইবিএর ছাত্র তানজীম জাহান প্রথম আলোকে জানান, ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।
নির্যাতনের শিকার ওই ছাত্রী জানান, ১৫ এপ্রিল টিএসসিতে সবার সামনে তাঁকে বেদম পেটান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের প্রথম বর্ষের ছাত্র তামহীদ এশাদ। এ ঘটনায় সেদিনই তাঁর ভাই শাহবাগ থানায় একটি মামলা করেন। কিন্তু পুলিশের গড়িমসির কারণে ওই ছেলে আটক হয়নি।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালত থেকে জামিন নিয়ে এর কাগজপত্র থানায় জমা দেওয়ার কারণে তামহীদ এশাদকে গ্রেপ্তার করা যায়নি। তবে মেয়েটির মা আজ রোববার সংবাদ সম্মেলন করে বলেছেন, জামিনে বের হয়ে এসে তাঁকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন তামহীদ।
নির্যাতনের শিকার মেয়েটির ভাই বলেন, ‘একদিকে আমাদের সমঝোতা করার কথা বলা হচ্ছে, অন্যদিকে আহতের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অশ্লীল কথাবার্তা লেখা হচ্ছে। ছেলেটির বাবা একজন সাবেক সামরিক কর্মকর্তা হওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ বিষয়ে জানতে তামহীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির সঙ্গে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু হঠাত্ কিছুদিন যাবত্ মেয়েটি আমার সঙ্গে কথা বলছে না। পয়লা বৈশাখে আমার সঙ্গে বের হওয়ার কথা থাকলেও মেয়েটি তাঁর এক বান্ধবীর সঙ্গে বের হয়। পরদিন টিএসসিতে তাঁকে বুঝাতে গেলে কোনোভাবেই সে বোঝেনি।’ মেয়েটিকে মেরেছেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘তখন আমার আর কী করার ছিল?’
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘নির্যাতনের শিকার মেয়েকে বা তাঁর পরিবারকে যদি হুমকি-ধমকি দেওয়া হয়, তাহলে বাদীপক্ষ সাধারণ ডায়েরি (জিডি) করলে আমরা আসামির জামিন বাতিলের আবেদন করতে পারব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ‘ছেলেটিকে যেন গ্রেপ্তার করা হয়, সে জন্য আমরা অনেকবার পুলিশকে বলেছি। কিন্তু ছেলেটি গ্রেপ্তার হয়নি। পরে শুনেছি দুই দিনের মাথায় জামিন নিয়ে বেরিয়ে এসেছে।’