ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় এক ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণের পর ফেলে রাখা হয়েছে। পুলিশ মঙ্গলবার বিকেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।তানোর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে তানোর পৌর এলাকার কালিগঞ্জহাটের ধানহাটা পুরোনো কাউন্সিল ভবনের নিচে মেয়েটি পড়ে ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। তানোর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রীকে কোনো নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করা হয়েছে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ফেরদৌস গত মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে বলেন, মেয়েটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে মনে হচ্ছে। গতকাল বুধবার চিকিৎসক মাহবুবা বলেন, ওই ছাত্রীটি এখনো ভারসাম্যহীন অবস্থায় আছে। কলেজের অধ্যক্ষ বলেন, রোববার কলেজ চত্বরের ছাত্রীনিবাস থেকে সকাল নয়টায় ওই ছাত্রী ক্লাস করতে যায়। ক্লাস শেষে আর কক্ষে ফেরেনি। তার রুমমেটরা পরদিন বিষয়টি মেয়েটির পরিবারকে জানায় এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নেওয়া হয়। সোমবার এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে পাওয়া গেছে খবর পেয়ে অধ্যক্ষ হাসপাতালে গিয়ে তাকে চিনতে পারেন। খবর পেয়ে মেয়ের বাবা গতকাল বুধবার সকালে হাসপাতালে যান।