ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ
যশোরের কেশবপুর উপজেলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক ছাত্রীকে শ্লীলতাহানি ও পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রী গত সোমবার এক তরুণের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ গতকাল মঙ্গলবার ওই তরুণকে গ্রেপ্তার করেছে।মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বরনডালী গ্রামের সাইদুর রহমার ওরফে ডালিম (২৫) এক বছর ধরে দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) বিদ্যালয়ে আসা ও যাওয়ার পথে উত্ত্যক্ত করছিলেন। গত ৭ জুলাই সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে সরোশকাঠী সেতুর ওপর ডালিম তাকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ডালিম তার হাত ধরে টানাটানি করেন। গত রোববার রাত ৯টার দিকে ডালিম দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে জানালা দিয়ে ওই ছাত্রীর ঘরে ছুড়ে মারেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডালিমকে ধরে ফেলেন। পরে তাঁর সহযোগীরা তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, দেশলাইয়ের কাঠি ছুড়ে মেরে ডালিম তাঁর মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান জানান, ডালিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।