হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাত্স্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্র মো. হাসানুজ্জামানকে পাঁচ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। ছাত্রীকে মারধরসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালককে লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের (লেভেল ৩, সেমিস্টার ১) ছাত্র সামির হোসেন, আশেক এলাহী ও মো. আশরাফুল আলমকে কারণ দর্শাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় ওই সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শবিষয়ক পরিচালক অধ্যাপক শাহাদাত্ হোসেন খান প্রথম আলোকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভা সূত্রে জানা গেছে, বহিষ্কার হওয়া শিক্ষার্থী হাসানুজ্জামান দীর্ঘদিন ধরে তাঁর এক নারী সহপাঠীকে উত্ত্যক্ত করে আসছিলেন। সর্বশেষ ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষে হাসানুজ্জামান উপস্থিত শিক্ষার্থীদের সামনে ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই ছাত্রীকে রক্ষা করতে গিয়ে একজন ছাত্র গুরুতর আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম সফিকুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার দুই শিক্ষার্থী ও ওই দিন ক্লাসে উপস্থিত মাত্স্যবিজ্ঞান অনুষদের ৪৪ জন শিক্ষার্থী ঘটনার জন্য হাসানুজ্জামানকে দায়ী করে বিচারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেন। ঘটনায় গঠিত তদন্ত কমিটি শৃঙ্খলাবিরোধী কাজের অপরাধে হাসানুজ্জমানকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল।