ছাত্রীকে মারধরের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে মারধরের ঘটনার সুষ্ঠু বিচার ও ছাত্রীদের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার ওই স্মারকলিপি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বিভিন্ন বিভাগের দেড় শতাধিক ছাত্রীর স্বাক্ষর ও পাঁচ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান। উপাচার্য বৈঠকে থাকায় তাঁর ব্যক্তিগত সচিবের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। দাবিগুলো হলো ক্যাম্পাসে ছাত্রীদের জন্য শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ছাত্রী হলে ছাত্রদের অনুপ্রবেশ বন্ধ করা, ছাত্রী নির্যাতনের ঘটনাগুলোর তদন্ত করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা নেওয়া, ক্যাম্পাস ও হলে ছাত্রীদের শারীরিক নির্যাতন, উত্ত্যক্তকরণ এবং মৌখিক হুমকি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া।
স্মারকলিপিতে ১০ মে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের হাতে এক ছাত্রীর শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা উল্লেখ করে ছাত্রীদের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেন তাঁরা। তা ছাড়া এর আগে ছাত্রী হলে ছাত্রনেতাদের প্রবেশ এবং ছাত্রীদের হুমকি দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয় স্মারকলিপিতে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘ছাত্রীদের স্মারকলিপির বিষয়ে শুনেছি, কিন্তু এখনো হাতে পাইনি। সেটা দেখে তাঁদের দাবির বিষয়গুলো অবশ্যই বিবেচনা করে দেখা হবে।’