ছাত্রীকে যৌন হয়রানি, তরুণের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ট্রিপন মিয়া (১৯) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেন।

পুলিশ জানায়, ট্রিপন মিয়া ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করত। আজ মঙ্গলবার বিকেলেও বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে ট্রিপন একইভাবে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সন্ধ্যার দিকে অভিযুক্ত ট্রিপন মিয়াকে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে, আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ‘দণ্ডিত তরুণকে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল বুধবার তাঁকে কারাগারে পাঠানো হবে।’