ছাত্রীকে লাঞ্ছিত করায় কর্মচারীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মোহাম্মদ আলী নামের এক কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে মোহাম্মদ আলীকে এ সাজা দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কর্মচারী। একই সঙ্গে তিনি সুফিয়া কামাল হলের লন্ড্রিতে কাজ করতেন।
সুফিয়া কামাল হলের একাধিক শিক্ষার্থী বলেন, গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে ওই ছাত্রী হলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় লন্ড্রিতে যান। তখন মোহাম্মদ আলী ওই ছাত্রীকে একা পেয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে অন্য ছাত্রীরা গিয়ে মোহাম্মদ আলীকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে হলের প্রাধ্যক্ষ নীলুফার নাহার আবাসিক শিক্ষকদের নিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী গিয়ে ওই কর্মচারীকে পুলিশের হাতে তুলে দেন।
আজ সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোহাম্মদ আলীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ওই কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।