ছাত্রীকে লাঞ্ছিত করায় বসতঘর ভাঙচুর মামলা, গ্রেপ্তার ১
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক কলেজছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ অপর পক্ষের সাতটি বসতঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার উপজেলার পাইককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাইককান্দি গ্রামের মাহফুজুল কবীরের ছেলে শাহরিয়ার কবীর ওরফে সৌরভ (২৪) একই গ্রামের এক কলেজছাত্রীকে (১৮) উত্ত্যক্ত করতেন। প্রায় দুই বছর আগে ওই ছাত্রীর বিয়ে হয়ে যায়।
গত শনিবার দুপুরে তিনি শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছিলেন। পথে মেগচামী সড়কে পচার পুকুরের কাছে পৌঁছালে সৌরভ তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর ওই ছাত্রীর স্বজনেরা সৌরভ ও তাঁর ছয় প্রতিবেশীর বসতঘর ভাঙচুর করেন।
ওই ছাত্রীর বাবা তাঁর মেয়েকে লাঞ্ছিত করার অভিযোগে শনিবার রাতে সৌরভের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। পরে বসতঘর ভাঙচুরের অভিযোগে সৌরভের প্রতিবেশী জলিল খান একই থানায় মামলা দায়ের করেন।
সৌরভের বাবা মাহফুজুল কবীর দাবি করেন, ওই ছাত্রীর সঙ্গে তাঁর ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ওই ছাত্রী তাঁর ছেলের সঙ্গে প্রায়ই মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করতেন। এতে তাঁর ছেলে ওই ছাত্রীকে লাঞ্ছিত করেন। বিষয়টি জানার পর তিনি তাঁর ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন এসে তাঁদের সাতজনের বসতঘর ভাঙচুর করে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল জানান, উভয় পক্ষ মামলা দায়ের করেছে। সৌরভকে গতকাল রোববার আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে ভাঙচুরের অভিযোগে হওয়া মামলার আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।