ছাত্রীকে লাথি মারা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
শাহবাগে আন্দোলনরত একাধিক ছাত্রীকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত শাহবাগ থানার পরিদর্শক হাবিল হোসেনের বিরুদ্ধে গতকাল সোমবার তদন্ত শুরু করেছে পুলিশ।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, তদন্তে ওই কর্মকর্তা দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় ছাপা হওয়া ছবি সংগ্রহ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শাহবাগ মোড়ে লাঠিপেটা করে পুলিশ। তখন পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন অন্তত দুই ছাত্রীকে পেছন থেকে লাথি মারেন। এতে একজন ছাত্রী রাস্তায় পড়ে যান।
গতকাল বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র (আসক) পৃথক বিজ্ঞপ্তিতে পুলিশের লাঠিপেটা ও অশোভন আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।