ছাত্রীকে হাতুড়ি দিয়ে পেটানো সেই যুবক কারাগারে
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় গ্রেপ্তার আসামি রাকিবুল ইসলাম ওরফে শিমুলকে আজ বুধবার সকালে রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহত মেয়ের চাচা জামাল হোসেন বাদী হয়ে বাঘা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা (ইভ টিজিংয়ের অভিযোগ) এবং পিটিয়ে জখম করায় অপর একটি ধারায় মামলা করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার স্থানীয় জনতা ধাওয়া করে রাকিবুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
বাঘা থানার উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন বলেন, গ্রেপ্তার হওয়ার পরই আসামি রাকিবুল পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি মেয়েটির ওপর হামলা করেছেন। এ জন্য তাঁর রিমান্ডের আবেদন করা হয়নি। আদালতে সোপর্দ করা হলে বিচারক কে এম শহীদ উদ্দিন আহমেদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে গুরুতর অসুস্থ ওই মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন, মেয়েটি এখন ঝুঁকিমুক্ত।
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে রাকিবুল তাঁর বন্ধুকে নিয়ে মেয়েটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন।