ছাত্রীকে হাতুড়িপেটার অভিযোগে আটক যুবক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি রাকিবুল ইসলামকে (শিমুল) কারাগারে পাঠানো হয়েছে।
রাকিবুলকে গতকাল বুধবার সকালে রাজশাহীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ছাত্রীকে পেটানোর ঘটনায় আহত মেয়ের চাচা জামাল হোসেন বাদী হয়ে বাঘা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে গত মঙ্গলবারই স্থানীয় জনতা ধাওয়া করে রাকিবুলকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
বাঘা থানার উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন বলেন, গ্রেপ্তার হওয়ার পরই আসামি পুলিশের কাছে স্বীকার করেন, তিনি মেয়েটির ওপর হামলা করেছেন। এ জন্য তাঁর রিমান্ডের আবেদন করা হয়নি। আদালতে সোপর্দ করা হলে বিচারক কে এম শহীদ উদ্দিন আহমেদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে গুরুতর অসুস্থ ওই মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মেয়েটি এখন ঝুঁকিমুক্ত।
গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে রাকিবুল মেয়েটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন। ধরা পড়ার পর রাকিবুল পুলিশের কাছে স্বীকার করেন, তিনি প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হওয়ায় এ কাণ্ড ঘটিয়েছেন।