ছাত্রীকে হুমকি দিয়ে ধর্ষণ: দুই বন্ধু কারাগারে
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুলছাত্রী রহিমা আক্তারের আত্মহত্যার ঘটনায় ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে আমলি আদালত-৪-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত এ আদেশ দেন।
মামলার দুই আসামি হলেন মনসুর আলম (৩২) ও আতিকুর রহমান (৩৪)।
আদালত সূত্রে জানা গেছে, আজ আদালতে আত্মসমর্পণ করে আসামিরা জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মো. জাহাঙ্গীর আলম তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলার পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ বলেছেন, আসামিদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আগামীকাল শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল রহিমা আক্তার। গত মঙ্গলবার সে আত্মহত্যা করে। তার পরিবার সূত্রে জানা গেছে, তিন মাস আগে মনসুরের সঙ্গে রহিমার পরিচয় হয়। নানা প্রলোভন দেখিয়ে এক সময় তাকে ধর্ষণ করে মনসুর। এরপর ধর্ষণের ভিডিওচিত্র প্রকাশের ভয় দেখিয়ে মনসুরের বন্ধু আতিকুরও রহিমাকে ধর্ষণ করে। এর পর থেকে এই দুই ব্যক্তি প্রায়ই ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে প্রকাশ করে দেওয়ার হুমকি দিতেন। গত ৯ অক্টোবর তাঁরা আবারও রহিমাকে একই হুমকি দেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার নিজের বাসায় রহিমা আত্মহত্যা করে বলে পরিবারের দাবি।
এ ঘটনায় রহিমা আক্তারের মা বাদী হয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। পরে গত শনিবার মামলা নেয় পুলিশ।