ছাত্রীকে হয়রানির দায়ে কলেজ ছাত্রের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ছাত্রীকে হয়রানির দায়ে কলেজের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব নিজ কার্যালয়ে এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত যুবক হলেন, আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের মো. ইব্রাহীম (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আদালত সূত্র জানায়, ওই যুবক ও হয়রানির শিকার কলেজছাত্রী একই ইউনিয়নের বাসিন্দা। আজ সকালে ছাত্রী বাসে করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। ওই যুবক তখন তাঁর পিছু নেন। এর মধ্যে ছাত্রী আখাউড়ার বাইপাস এলাকায় বাস থেকে নেমে পড়েন। তখন যুবকও বাস থেকে নেমে ছাত্রীকে টানাহেঁচড়া করতে থাকেন। একপর্যায়ে ওই যুবক তাঁকে একটি অটোরিকশা মেরামতের গ্যারেজে নিয়ে যান। চিৎকার চেঁচামেচি শুনে তখন আশপাশের লোকজন ছাত্রীকে উদ্ধার করেন এবং ওই যুবককে আটক করেন। পরে যুবককে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। দণ্ড দেওয়ার পর যুবককে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।
ইউএনও আহসান হাবিব সাংবাদিকদের কাছে ওই যুবককে দণ্ডিত করার সত্যতা নিশ্চিত করেছেন।