ছাত্রীদের আন্দোলনের ঘটনা তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সরকারি কলেজে শহীদ মুক্তিযোদ্ধা অহিদুর রহমান অদুদ ছাত্রীনিবাসের ছাত্রীদের বিভিন্ন দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
গতকাল সোমবার কলেজে শিক্ষক কাউন্সিলের জরুরি বৈঠকে অধ্যক্ষ স্বপন কুমার রায় এ কমিটি গঠন করেন। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল বাতেনকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে অধ্যক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করে অধ্যক্ষ স্বপন কুমার রায় বলেন, ছাত্রীদের দাবিদাওয়ার যৌক্তিকতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে। যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়।
অধ্যক্ষ বলেন, বিবাহিত ছাত্রীদের ছাত্রীনিবাসে থাকার এমনিতেই কোনো নিয়ম নেই। এর পরও কিছু ছাত্রী বিয়ের পরও সেখানে থাকছেন। এতে অন্যদের সমস্যা হচ্ছে। কমিটি ছাত্রীদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেবে। এ বিষয়ে প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।