ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রী হলে চরম আবাসন-সংকট দেখা দিয়েছে। এ বছর বাকৃবিতে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর ৪৬ শতাংশ ছাত্রী। মোট শিক্ষার্থীর প্রায় অর্ধেক ছাত্রী হলেও ছাত্রী হল মাত্র তিনটি, কিন্তু ছাত্রদের হল নয়টি। এ বছর মোট ৪৪১ জন ছাত্রী ভর্তি হয়েছেন, কিন্তু তিনটি হলে সিট ফাঁকা রয়েছে মাত্র ৪৫টি। ছাত্রীদের এ ধরনের চরম আবাসন সমস্যা নিয়েই আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে।সংশিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর বাকৃবির ছয়টি অনুষদে ৯৬৪ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪৪১ জন। ৪৪১ জন ছাত্রীর মধ্যে ১৫৪ জনকে সুলতানা রাজিয়া হলে, ১২২ জনকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে এবং বাকি ১৬৫ জনকে তাপসী রাবেয়া হলে বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে মাত্র ২০টি, তাপসী রাবেয়া হলে মাত্র ২০টি সিট ফাঁকা রয়েছে এবং সুলতানা রাজিয়া হলে কোনো সিট ফাঁকা নেই।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার উপ-রেজিস্ট্রার ফারুক আহম্মদ প্রথম আলোকে জানান, ২০০৪ সাল থেকে উৎসাহব্যঞ্জক হারে ছাত্রীদের সংখ্যা ঊর্ধ্বমুখী হচ্ছে। ২০০৪ সালে মোট শিক্ষার্থীর ২৫.৪৬%, ২০০৬ সালে ৩২.২৬%, ২০০৮ সালে ৩৭.৭৮%, ২০১০ সালে ৪২.৮২% এবং এ বছর ২০১২ সালে ৪৫.৬৫% ছাত্রী ভর্তি হয়েছেন।বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাশরুফা, সোনিয়া, আসমা প্রথম আলোকে বলেন, প্রতিবছর ছাত্রীসংখ্যা বাড়লেও ছাত্রীদের থাকার ব্যবস্থা করতে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। পাঁচতলা ভিত্তিপ্রস্তরকৃত শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের দোতলা পর্যন্ত করে তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে।ছাত্রী হল সূত্র জানায়, ফাঁকা সিটে ডাবলিং সিস্টেমের মাধ্যমে হলে স্থান দেওয়া হচ্ছে। তবে হলে ময়মনসিংহ শহরের ছাত্রীদের আপাতত সিট দেওয়া হচ্ছে না। হলে ছাত্রীদের থাকতে কোনো ধরনের সমস্যা না হলে বরাদ্দকৃত ছাত্রীদের একটি অংশকে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট ভবনে সাময়িকভাবে রাখা হবে।এ ব্যাপারে ফজলুল হক হলের প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক সুভাষ চন্দ্র চক্রবর্তী বলেন, ‘ছাত্রীদের সিট সমস্যা নিয়ে হল প্রভোস্টদের মাথা খারাপ হওয়ার মত অবস্থা সৃষ্টি হয়েছে। তবে সমাধান তো একটা হবেই।’সবকিছুর পরেও অচিরেই ছাত্রীদের আবাসন-সংকট সমস্যার সমাধান হচ্ছে বলে দাবি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, সমস্যা থাকলেও ছাত্রীদের আবাসনের সুষ্ঠু ব্যবস্থা করার চেষ্টা চলছে। শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হলের পাঁচতলা পর্যন্ত নির্মাণকাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার বিষয়ে প্রশাসন কাজ করে যাচ্ছে। পাঁচতলা পর্যন্ত কাজ শেষ হলে প্রায় ২৫০ জন ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে বলে জানা গেছে। এদিকে ছাত্রী হলে আবাসন-সংকট থাকলেও বিশ্ববিদ্যালয়ের নয়টি ছাত্র হলে প্রয়োজনের তুলনায় অসংখ্য সিট ফাঁকা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত বছর ছাত্রদের ঈশা খাঁ হলের একটি ভবনে ছাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করার চিন্তা-ভাবনা করা হলে ছাত্র আন্দোলনের মুখে তা বাতিল করতে বাধ্য হয় প্রশাসন। বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা দৃঢ় মনোভাব ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতির অঙ্গীকারকৃত আরেকটি ছাত্রী হল নির্মিত হলে ছাত্রীদের আবাসন সমস্যার সমাধান করা সম্ভব হবে।