ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য এম এ সাত্তার মণ্ডল বলেন, ‘নবাগত ছাত্রীদের সুষ্ঠু আবাসনের ব্যবস্থা এখনো করতে পারিনি, এই ভেবে আমার আজকে খুবই কষ্ট হচ্ছে। তবে এই সমস্যার সমাধান শিগগিরই করব। নির্মাণাধীন একটি ছাত্রী হলের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হবে। তা ছাড়া ২০ কোটি টাকা ব্যয়ে আরও একটি ছাত্রী হলের নির্মাণকাজ অল্প কিছু দিনের মধ্যেই শুরু করা হবে। তখন আর এই আবাসন সংকট থাকবে না।’ গতকাল শনিবার বেলা ১১টার দিকে বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০১০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সাংসদ ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মতিউর রহমান। এতে প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করেন উপাচার্য এম এ সাত্তার মণ্ডল। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, আজ রোববার নবাগত শিক্ষার্থীদের অনুষদ ও হলভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠান হবে এবং কাল সোমবার থেকে তাঁদের ক্লাস শুরু হবে।