ছাত্রীদের উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
নরসিংদী শহরের ব্রাহ্মন্দীতে রুবেল (১৮) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। রুবেলের পরিবারের সদস্যরা জানিয়েছে, নরসিংদী আইডিয়াল স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় প্রতিবাদ করায় গত রোববার বিকেলে বখাটেরা রুবেলকে কুপিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় রুবেলকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে এ ঘটনায় শহরের বানিয়াছল এলাকার রোকন মিয়াকে (২০) রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে।নরসিংদী সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আহত রুবেল পুলিশ ও সাংবাদিকদের জানান, তাঁর বাড়ি শহরের বানিয়াছল মহল্লায়। বিকেল চারটার দিকে তিনি নরসিংদী আইডিয়াল স্কুলের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় দেখতে পান রোকন, আলমগীর, কাউছার, শামীম, আশিক ও কবীরসহ বেশ কয়েকজন স্থানীয় যুবক বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করছেন। ছাত্রীদের উত্ত্যক্ত করতে বারণ করামাত্র বখাটেদের সঙ্গে তাঁর কথাকাটাকাটি শুরু হয়। কিছুক্ষণ পর বখাটেরা তাঁকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার সামনের সড়কের কাছে নিয়ে যায়। পরে ওই সড়কের ওপর ফেলে চাপাতি দিয়ে তাঁর মাথা ও পিঠে কোপাতে থাকে।নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) শামসুর রহমান জানান, রুবেলের অবস্থা ভালো নয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এজন্য তাঁকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, এ ঘটনার রাতেই আহত রুবেলের বড় ভাই সোহেল রানা আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলার প্রধান আসামি রোকনকে রাতেই গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে রোকনের পরিবারের সদস্যরা জানায়, রোকন ঘটনার সময় অন্যদের সঙ্গে থাকলেও রুবেলের গায়ে হাত তুলেনি।