ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে পাঁচজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর, রাজশাহীর তানোর, কক্সবাজারের মহেশখালী ও পাবনার সুজানগরে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন। অভিযোগকারীকে হুমকি দেওয়ায় একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: শিবচর (মাদারীপুর): উপজেলার পাঁচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা গতকাল একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরি শেষে ফিরছিল। পথে পাঁচ্চর হাইওয়ের পুলিশ ফাঁড়ির সামনে জাকির হোসেন ও ফরিদ হোসেন নামের দুই বখাটে উল্লাস করতে করতে ছাত্রীদের ওপর মোটরসাইকেল তুলে দেয়। এতে কয়েকজন ছাত্রী রাস্তার পাশে পড়ে যায়। একজন ছাত্রীর পা কেটে যায়। ওই ফাঁড়ির পুলিশ দুই বখাটেকে আটক করে। ছাত্রীটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই দুই যুবককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রাজশাহী: তানোর উপজেলার তানোর বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী গতকাল সোমবার সকালে বাড়ি ফেরার পথে তানোর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সুমন চৌধুরী তার পথ রোধ করে। একপর্যায়ে সুমন ছাত্রীটিকে টানাহেঁচড়া করে। এ সময় ছাত্রীর চিৎ কার শুনে আশপাশের লোকজন এসে সুমনকে আটক করে পুলিশে দেয়। পরে তানোর থানায় বসা ভ্রাম্যমাণ আদালত সুমনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। জরিমানা দেওয়ার পর দুপুরে সে ছাড়া পায়।মহেশখালী (কক্সবাজার): মহেশখালীর কুতুবজোম অফসোর্স উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী গত রোববার সকাল আটটার দিকে স্কুলে যাচ্ছিল। পথে পৌর এলাকার পুটিবিলা গ্রামের মোহাম্মদ দিদারুল আলম (২০) ও কালু মিয়াসহ (২৪) কয়েকজন তাকে উদ্দেশ করে নানা অশালীন কথা বলে। পরে ছাত্রীটি দিদার ও কালুর বিরুদ্ধে মহেশখালী থানায় লিখিত অভিযোগ করে।পুলিশ রোববার সন্ধ্যা সাতটার দিকে শহরের শহীদ মিনার চত্বর থেকে দিদারকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত দিদারকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান। এ সময় অভিযোগকারী ছাত্রীকে হুমকি দেওয়ায় একই আদালত দিদারের বোন জুলেহা বেগমকে তিন হাজার টাকা জরিমানা করেন।পাবনা: পাবনার সুজানগরের দুলাই উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে (১৪) বেশ কিছুদিন ধরে দুলাই গ্রামের এহসানুল হক (১৬) নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত শনিবার বিকেলে ওই ছাত্রীর বাবা থানায় এ ব্যাপারে অভিযোগ করার পর রাত ১১টার দিকে এহসানকে পুলিশ আটক করে। সে খোলাহাটি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। গত রোববার এহসানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম নুরুল ইসলাম তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।