ছাত্রীদের উত্ত্যক্ত করায় শিক্ষককে বদলি
জামালপুর সদরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সহকারী শিক্ষক (বাংলা) সহিজল হককে বদলি করা হয়েছে। বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা প্রধান শিক্ষিকার কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে উত্ত্যক্ত ও অসদাচরণের লিখিত অভিযোগ করে। অভিযোগের সত্যতা মেলায় সহিজলকে বদলি করা হয়।
জানা গেছে, নবম শ্রেণির প্রভাতি ক-শাখার শিক্ষক ছিলেন সহিজল। পাঠদানের সময় তিনি ছাত্রীদের গায়ে হাত দিতেন, দুর্ব্যবহার করতেন ও প্রাইভেট পড়তে বিভিন্নভাবে চাপ দিতেন। এ ঘটনায় গত ২১ এপ্রিল ওই শ্রেণির ৪২ জন ছাত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সুলতানা রাজিয়ার কাছে একটি লিখিত অভিযোগ দেয়। পরে অভিযোগ সম্পর্কে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) শাহাবুদ্দিন খানকে জানানো হয়।
পরে ডিসির নির্দেশে ওই ঘটনা তদন্তের জন্য ২৬ এপ্রিল সদর উপজেলার ইউএনও লুৎফুন্নাহারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। পরে সহিজলকে ৭ মে নান্দিনা এম এইচ কে সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়।
তবে সহিজলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।