ছাত্রীদের ওপর হামলার বিচার দাবি শ্রেণীকক্ষে তালা
বরগুনার পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কার্যালয়সহ বিদ্যালয়ের সব শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণাও দিয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক স্কুল পর্যায়ে মৌসুমি হ্যান্ডবল খেলায় আনোয়ার হোসেন বালিকা মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে। খেলা শেষে জয়-পরাজয় নিয়ে পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় দলের অন্তত ২২ জন খেলোয়াড় আহত হয়। এর মধ্যে গুরুতর আহতেরা হলো আদর্শ বিদ্যালয়ের আঁখি আক্তার, সারমিন আক্তার, রুবি আক্তার, ফেরদৌসি আক্তার, তামান্না আক্তার ও সালমা আক্তার এবং আনোয়ার হোসেন বিদ্যালয়ের কারিমা আক্তার, সাথী আক্তার, তানিয়া আক্তার, সারমিন আক্তার, মারুফা আক্তার, সাথী আক্তার, জাকিয়া আক্তার ও লিজা আক্তার। তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আঁখি আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের অভিযোগ, আনোয়ার হোসেন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. জব্বার খান ও ওই বিদ্যালয়ের ছাত্রীরা হামলা করায় এ ঘটনা ঘটেছে। তাদের দাবি এ হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত থাকবে। তারা বিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে এবং সব শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয়। পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) কানিজ ফাতিমা বলেন, ‘ক্লাস বর্জন ও শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। তাঁরা ছাত্রীদের ওপর হামলার ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেঞ্চদ বলেন, ‘ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি আগামীকাল (রোববার) থেকে কাজ শুরু করবে। দ্রুত বিচারের আশ্বাসের ফলে শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরেছে।’