ছাত্রীদের ছবি তুলতে বাধা দেওয়ায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর উচ্চবিদ্যালয়ের আট শিক্ষার্থী ও এক শিক্ষক বখাটেদের হামলায় আহত হয়েছেন। বিজ্ঞান মেলায় মুঠোফোনে ছাত্রীদের ছবি তুলতে বাধা দেওয়ায় গত শনিবার তাঁদের ওপর ওই হামলার ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলো তাসলিমা আক্তার, নূরী আক্তার, শাহানা আক্তার, শাহানা খাতুন, উমেঞ্চ কুলসুম, বীথি রানী রায় এবং শাহিন আলম। চন্দন কুমার রায় নামে এক শিক্ষার্থীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাঁ হাত ভেঙে গেছে। আহত শিক্ষক প্রসন্ন কুমার হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবু তালেব বাদী হয়ে শনিবার রাতে আদিতমারী থানায় তিন বখাটের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন মো. পলাশ (২২), মো. বাবু (১৮), সিফাত (২১) ও আতিকসহ (১৪) অজ্ঞাতনামা ৮-১০ জন। মামলা দায়েরের পর আদিতমারী থানার পুলিশ গতকাল রোববার ভোরে লালমনিরহাট সদর উপজেলার হারাটি গ্রাম থেকে সাইদী হোসেনকে (১৯) সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করেছে।
সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া গ্রামে বেসরকারি সংস্থা মানসিকার কার্যালয় চত্বরে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার স্কুলপর্যায়ের বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। দুপুরে বখাটেরা মুঠোফোনে সারপুকুর উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের ছবি তুলতে গেলে বিদ্যালয়ের ছাত্ররা তাদের বাধা দেয়। এ সময় বখাটেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল বলেন, একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।