ছাত্রীদের ছবি নিয়ে প্রতারণার অভিযোগে শিক্ষক বরখাস্ত
কুষ্টিয়ার ভেড়ামারায় তিন ছাত্রীর ‘আপত্তিকর ছবি’ নিয়ে প্রতারণা করার অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভেড়ামারা বি জে এম ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গত রোববার বিকেলে কলেজের প্রভাষক মো. সাইফুজ্জামানের বিরুদ্ধে ওই সিদ্ধান্ত নেয়।একই সঙ্গে আরও তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, কলেজের এইচএসসি পরীক্ষার্থী তিন ছাত্রীর ছবি সংগ্রহ করে প্রভাষক ছবিগুলো আপত্তিকর করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। এমনকি ছাত্রীদের অভিভাবকের কাছে টাকাও দাবি করেন তিনি। ঘটনা জানাজানি হলে কলেজের শিক্ষার্থীরা শনিবার এইচএসসি নির্বাচনী পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করে। রোববার দুপুরে কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সদস্যসচিব আসলাম উদ্দীন জরুরি ভিত্তিতে পরিচালনা পর্যদের সভা আহ্বান করেন। পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল আলীমের সভাপতিত্বে সভায় সাইফুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সাইফুজ্জামান বলেন, কে বা কারা আপত্তিকর ছবিগুলো তাঁর কক্ষে রেখে গেছে। ছবির পেছনে লেখা ছিল, ‘টাকা না দিলে ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে’। পরে তাঁকে এক ব্যক্তি ফোন করে ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে টাকা এনে দিতে বলেন। বিষয়টি মীমাংসার জন্য তিনি অভিভাবকদের কাছে টাকা চাইতে গিয়েছিলেন বলে দাবি করেন। ছবিগুলো তিনি ছিঁড়ে ফেলেছেন বলে জানান।