বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষককে অপসারণ করার দাবি জানানো হয়েছে। ওই বিদ্যালয়ের ছাত্রীরা ইভ টিজিং করার অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এই দাবিতে তারা গতকাল সোমবার ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করেছে। শিক্ষার্থীদের দাবির মুখে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবক কমিটি গতকাল সোমবারই জরুরি সভা করে দুই শিক্ষককে বরখাস্ত করেছে। তাঁরা হচ্ছেন বিজ্ঞান বিষয়ের শিক্ষক শাহীন কাদির জোয়ারদার ও ইংরেজির শিক্ষক নুরুল ইসলাম। অপর শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পরে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়।বিদ্যালয় সূত্র ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষক শাহীন কাদির জোয়ারদারের বিরুদ্ধে গত ১৭ এপ্রিল ১৭ জন শিক্ষক প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেছেন। এই শিক্ষক ছাড়াও ছাত্রীরা গত মে মাসে শিক্ষক জাহাঙ্গীর আলম ও নুরুল ইসলামের বিরুদ্ধেও ইভ টিজিং করার অভিযোগ করে। উল্লিখিত তিন শিক্ষকের অপসারণের দাবিতে গতকাল শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শনকালে শিক্ষার্থীরা অভিযোগ করে, এসব শিক্ষক তাদের বিয়ের প্রস্তাবসহ নানা ধরনের প্রস্তাব দেন এবং তাদের উদ্দেশে অশ্লীল ইঙ্গিত করেন। প্রধান শিক্ষক আবু জাফর শিক্ষক শাহীন কাদির ও নুরুল ইসলামকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জের ধরে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ এনেছে। বিষয়টি নিয়ে তিনি আদালতে যাবেন।’ শাহীন কাদির জোয়ারদার দাবি করেন, তাঁকে অপদস্ত করার জন্য কিছু ছাত্রীকে কতিপয় শিক্ষক লেলিয়ে দিয়েছেন। ছাত্রীরা যেসব অভিযোগ করেছে তা মিথ্যা।