ছাত্রীদের দাবির মুখে শাস্তি পেল বখাটে
দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল এক বখাটে। গত শুক্রবার ছাত্রীরা জোটবদ্ধ হয়ে ওই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে। শুধু তা-ই নয়, তারা ওই বখাটের শাস্তি দাবি করে সদর থানা চত্বরে অবস্থান নিলে ছাত্রীনিবাস এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। শেষে ওই বখাটেকে আদালত এক বছরের কারাদণ্ড দেন।দণ্ড পাওয়া ওই বখাটের নাম মজিদুল মিয়া। তাঁর বয়স ৪০ বছর। তিনি বিয়ে করেছেন। কুড়িগ্রাম শহরের হিঙ্গনরায় কবরস্থানপাড়ার মৃত পানাউল্লার ছেলে তিনি।কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আফতাব হোসেন ও ছাত্রীনিবাসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মির্জা নাসির উদ্দিন জানান, ছাত্রীনিবাসের পেছনে মোটর শ্রমিক ইউনিয়ন ও সাব রেজিস্ট্রারের কার্যালয় অবস্থিত। মজিদুল সাব রেজিস্ট্রার কার্যালয় ভবনের ছাদে উঠে দীর্ঘদিন ধরে ছাত্রীনিবাসের মেয়েদের লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করতেন। গত শুক্রবার বেলা একটায় ওই ছাদে উঠে তিনি এক ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু করেন। ওই ছাত্রী এ সময় চিৎকার শুরু করলে অন্য ছাত্রীরা এগিয়ে আসে। বিকেল সোয়া তিনটার দিকে ছাত্রীনিবাসের ৭০-৮০ জন ছাত্রী জোটবদ্ধ হয়ে মজিদুলকে ধাওয়া করে। এ সময় তিনি মোটর শ্রমিক ইউনিয়নের শৌচাগারে গিয়ে আশ্রয় নেন। পরে ছাত্রীরা বিষয়টি মুঠোফোনে সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানায়। শেষে ঘটনাস্থলে এসে পুলিশ মজিদুলকে আটক করে থানায় নিয়ে যায়।কলেজ সূত্রে আরও জানা গেছে, মজিদুলকে পুলিশে দিয়ে ক্ষান্ত হয়নি ছাত্রীরা, তারা উত্ত্যক্তকারীর বিচারের জন্য মিছিল বের করে সদর থানা চত্বরে অবস্থান নেয়। প্রায় দুই ঘণ্টা পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আন্দোলনরত ছাত্রীদের ছাত্রীনিবাস এলাকায় ফিরে যেতে বলেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি মজিদুলকে এক বছরের কারাদণ্ড দেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাহারুল ইসলাম জানান, মজিদুলকে গতকাল শনিবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।