ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন ফজিলাতুন্নেসা মুজিব ও কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা।
গতকাল সোমবার বিকেল পাঁচটায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী’ ব্যানারে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এরপর দাবি আদায়ে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় নিউমার্কেট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রীরা জানান, গত শনিবার ফজিলাতুন্নেসা মুজিব হলের এক ছাত্রীকে হলের সামনে ওড়না ধরে টানাটানি করে স্থানীয় এক বখাটে। এর প্রতিবাদ করায় তার সহযোগীরা মারধর করে কয়েকজন ছাত্রকে। হলের গেটের ভেতরে ঢুকে ভাঙচুর করে তারা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ছাত্রীরা বলেন, ক্যাম্পাসে ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই। বিশেষ করে ফজিলাতুন্নেসা ও কুয়েত মৈত্রী হল ক্যাম্পাসের একটু বাইরে অবস্থিত হওয়ায় তাঁদের ওপর বারবার নিপীড়নের ঘটনা ঘটছে। অথচ এ ব্যাপারে প্রশাসন কোনো সুষ্ঠু পদক্ষেপ নিচ্ছে না। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ছাত্রী উত্ত্যক্তকারী ও হামলাকারী বহিরাগতদের সুষ্ঠু বিচারের দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন দুই হলের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেত্রীরা।
ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ সাবিতা রিজওয়ানা রহমান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন।