ছাত্রী নিরাপত্তায় দুদিনের কর্মসূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর

সারা দেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরই ধারাবাহিকতায় দুদিনের কর্মসূচির কথা জানিয়েছেন তিনি।
আজ শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই কর্মসূচি ঘোষণা করেন। ১৮ অক্টোবর বেলা ১১টা থেকে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ মিনিটের প্রতীকী মানববন্ধন হবে। ২০ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে সভা হবে।
শিক্ষামন্ত্রী জানান, ১৮ অক্টোবরের মানববন্ধনে সম্প্রতি বিভিন্ন হামলায় নিহত ছাত্রীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। আহত ছাত্রীদের সুস্থতা কামনা করা হবে। মানুষরূপী এসব হত্যাকারীর বিচার চাওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এই দুই কর্মসূচির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার সূচনা হবে। এ ছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করে দেওয়া হবে। যারা এ ধরনের ঘটনায় সম্পৃক্ত হতে পারে বলে এই কমিটি মনে করবে, তাদের শোধরানোর চেষ্টা করবে। না পারলে আইনে সোপর্দ করবে।
সম্প্রতি ঘটে যাওয়া সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের ওপর হামলা, কুমিল্লার তনু হত্যা, রিসা হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা উদ্বিগ্ন, মর্মাহত। এটা সভ্য সমাজে কাম্য হতে পারে না। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা সমাজের শত্রু। তারা মানুষ নামধারী পশু।’
গত বৃহস্পতিবার বিকেলে দশম সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে ছাত্রী আহত হাওয়ার ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কোনো দল দেখি না। যে অপরাধী, তার বিচার হবেই।’ তাঁর এই বক্তব্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আশা করি কেউ বিচার করতে শঙ্কাবোধ করবেন না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।