ছাত্রীদের নিরাপত্তায় সচেতনতা গড়তে মানববন্ধন ও সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সচেতনতা গড়তে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ অক্টোবর মানববন্ধন ও ২০ অক্টোবর সভা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। গতকাল শনিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, ১৮ অক্টোবর বেলা ১১টা থেকে ১৫ মিনিটের এই প্রতীকী মানববন্ধন থেকে সম্প্রতি বিভিন্ন হামলায় নিহত ছাত্রীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। আহত ছাত্রীদের সুস্থতা কামনা করা হবে। মানুষরূপী এসব হত্যাকারীর বিচার চাওয়া হবে। আর ২০ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে সভা হবে।
এই দুই দিনের কর্মসূচির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার সূচনা হবে বলে জানান মন্ত্রী। এ ছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করে দেওয়া হবে। যারা এ ধরনের ঘটনায় সম্পৃক্ত হতে পারে বলে এই কমিটি মনে করবে, তাদের শোধরানোর চেষ্টা করবে। পরিবারকে জানাবে। না পারলে আইনের হাতে সোপর্দ করবে।
সম্প্রতি ঘটে যাওয়া সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের ওপর হামলা, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিসা হত্যাকাণ্ড এবং সর্বশেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টার ঘটনা উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘পরপর এসব ঘটনায় আমরা উদ্বিগ্ন, মর্মাহত। এটা সভ্য সমাজে কাম্য হতে পারে না। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা সমাজের শত্রু। তারা মানুষ নামধারী পশু। সামাজিকভাবে প্রতিহত না করলে এদের নির্মূল করা কঠিন হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, তনু হত্যার ঘটনার অগ্রগতি সন্তোষজনক নয়। তিনি বলেন, প্রচলিত আইনেও এসব ঘটনার স্বল্প সময়ে বিচার করা যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।
পরে শিক্ষামন্ত্রী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ৩৪তম বিসিএসে নিয়োগ পাওয়া কলেজশিক্ষকদের পরিচিতি সভায় যোগ দেন।