ছাত্রীদের বিক্ষোভের পর সাত দিনের ছুটিতে অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপসারণের দাবিতে বিক্ষোভের পর গতকাল শনিবার ফরিদপুরের সরকারি সারদাসুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান সাত দিনের ছুটিতে গেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী জানান, গত বুধবার সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রীদের ১০ দফা দাবি নিয়ে আলোচনার কথা ছিল। অধ্যক্ষ আলোচনা না করে চলে গেলে ছাত্রীরা সন্ধ্যা সাতটার দিকে ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক ইয়াছিন আলীকে তাঁর কার্যালয়ে তালা মেরে কলেজের মূল ফটকে বিক্ষোভ করতে থাকেন। পরে অধ্যক্ষ এসে ছাত্রীদের সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় রাত সাড়ে নয়টার দিকে ছাত্রীরা আবার বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা এসে ছাত্রীদের সঙ্গে আলোচনায় বসেন।আলোচনার সময় এক ছাত্রী অভিযোগ করেন, অধ্যক্ষ ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, রাত ১০টার পর ছাত্রীনিবাসের বিভিন্ন কক্ষে প্রবেশ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলেন। কলেজের দুটি ছাত্রীনিবাসের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তাঁরা অধ্যক্ষের অপসারণ দাবি করেন।আলোচনায় জেলা প্রশাসক হেলালুদ্দীন বলেন, ‘অধ্যক্ষ ছাত্রীদের সঙ্গে যে আচরণ করেছেন, তা ইভ টিজিংয়ের সমতুল্য ও অন্যায়। সারা দেশে যখন ইভ টিজিং বন্ধের জন্য আন্দোলন চলছে, তখন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের এ জাতীয় আচরণ লজ্জাজনক।’ জেলা প্রশাসক অধ্যক্ষকে গতকাল থেকে সাত দিনের ছুটিতে পাঠানোর সুপারিশ করেন। এ ছাড়া ছাত্রীদের সমস্যা সমাধানে ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন।অধ্যক্ষ মাহফুজুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। এক সপ্তাহের জন্য ছুটিতে যাওয়া প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসকের সুপারিশের কারণে নয়, নতুন হল নির্মাণসহ বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব বলে ছুটিতে যাচ্ছি।’