ছাত্রীদের সঙ্গে অধ্যক্ষের অশোভন আচরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহর থানাধীন চট্টগ্রাম গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জোনাব আলীর বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শিক্ষিকা ও শিক্ষার্থীরা কলেজ পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছেন। একটি বেসরকারি সংস্থার তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলেও অধ্যক্ষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।মোহাম্মদ জোনাব আলী ২০০৬ সাল থেকে এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে সর্বশেষ ২৭ মার্চ এক ছাত্রী অশোভন আচরণের অভিযোগে হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।সরেজমিনে কলেজ ক্যাম্পাসে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, পরীক্ষায় কোচিং ফি বাবদ বাড়তি ৪০০ টাকা নেওয়ার বিষয়ে জানতে অধ্যক্ষের কাছে গেলে তিনি খেপে গিয়ে বলেন, ‘টাকা না দিলে কাউকে প্রবেশপত্র দেওয়া হবে না।’ এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের ‘অকথ্য ভাষায়’ গালাগাল করেন। একপর্যায়ে তিনি তেড়ে এসে অভিযোগকারীসহ অন্য শিক্ষার্থীদের গায়ে হাত তোলেন। শিক্ষার্থীরা তখন বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা বললে অধ্যক্ষ আবারও গালাগাল দিয়ে বলেন, কেউ তাঁর কিছুই করতে পারবে না।খোঁজ নিয়ে জানা গেছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফি বাবদ গত বছরের ডিসেম্বরে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে তিন হাজার ১০০ টাকা করে আদায় করা হয়। এর কিছুদিন পর অধ্যক্ষ তাঁদের কাছে আবার কোচিং ফি বাবদ বাড়তি ৪০০ টাকা করে দাবি করেন।কলেজ ক্যাম্পাসে উপস্থিত অন্য ছাত্রীরা বলেন, অধ্যক্ষ সামান্য কারণে মেয়েদের গায়ে হাত তোলেন। এমনকি তাঁদের সঙ্গে আপত্তিজনক আচরণ করেন বলেও অভিযোগ পাওয়া গেছে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে কলেজ অধ্যক্ষকে ডেকে শিক্ষার্থীদের সঙ্গে সংযত আচরণ করতে অনুরোধ জানিয়েছি।’নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষিকা বলেন, ‘অধ্যক্ষের কাছে বয়স্ক ও কম বয়সী কোনো বাছবিচার নেই। তিনি সুযোগবুঝে শিক্ষিকা, ছাত্রী—সবার গায়েই হাত দেন নানা অজুহাতে। একজন অধ্যক্ষের এমন আচরণের কথা ভাবতেও আমাদের লজ্জা হয়।’অধ্যক্ষ মোহাম্মদ জোনাব আলী এর আগে চন্দনাইশ উপজেলার বরমা কলেজের শিক্ষক ছিলেন। দায়িত্ব নেওয়ার তিন মাস পর থেকে তাঁর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। গত বছর শিক্ষার্থীরা এ ব্যাপারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন।শিক্ষিকা ও ছাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তদন্ত করে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানিমূলক আচরণের সত্যতা খুঁজে পায়। তারা তদন্ত প্রতিবেদনের অনুলিপি শিক্ষাসচিব ও চট্টগ্রাম বোর্ড কর্তৃপক্ষকে পাঠায়। ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘অধ্যক্ষের আচরণ অশালীন ও অশোভন।’চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ‘আমরা শিক্ষিকাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এর সত্যতা সাপেক্ষে কলেজের পরিচালনা পর্ষদকে অধ্যক্ষের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি।’চট্টগ্রাম গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জোনাব আলী তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ কাল্পনিক দাবি করে বলেন, ‘আমি কলেজের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।’ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার শামসুল আলম চৌধুরী বলেন, ‘আমি বিষয়টি খতিয়ে দেখব।’