ছাত্রীদের হয়রানির অভিযোগ, প্রতিবাদে বিদ্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার মহিষাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার এলাকার লোকজন স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। হয়রানির শিকার এক ছাত্রীর ভাই দুই শিক্ষকের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মামলা করেছেন।
এজাহার ও কয়েকজন ভুক্তভোগী ছাত্রীর বিবরণ অনুযায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (৫৭) ও সহকারী শিক্ষক (৫৫) চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্রীকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন৷ কোচিং ক্লাসের নাম করে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্রীকে তাঁরা সকাল নয়টার দিকে বিদ্যালয়ে আসতে বলতেন। কোনো ছাত্রী একাকী এলে বিদ্যালয়ের পাঠাগারে নিয়ে নানা অশ্লীল কথা বলতেন এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেন। একপর্যায়ে গত মঙ্গলবার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনা খুলে বলে।
ওই দুই শিক্ষকের মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন বলেন, অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।